Homeসারাদেশরাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্ত এলাকায় আতঙ্ক

রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্ত এলাকায় আতঙ্ক

-

মিয়ানমারের রাখাইনে সীমান্তবর্তী এলাকায় ভারী গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারের টেকনাফ সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আজ শনিবার ভোর থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় দফায় দফায় মর্টারশেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০টা পর্যন্ত মিয়ানমারের দিক থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। একইসঙ্গে সীমান্তবর্তী কয়েকটি বাড়িতে গুলি এসে লেগেছে বলেও খবর পাওয়া গেছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা খোকন।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। 

তাদের ভাষ্য, নবি হোসেনের নেতৃত্বাধীন আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভেরিফায়েড নয় এমন একটি আইডি থেকে দেওয়া এক বিবৃতিতে এআরএ দাবি করেছে, শনিবারের সংঘর্ষে আরাকান আর্মির ৫ সদস্য নিহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের একপর্যায়ে একটি মর্টারশেল নাফ নদীতে পড়ে, এতে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এ ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, এলাকার বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন ও আবদুল কুদ্দুসের বাড়ির টিনের ছাউনি ভেদ করে একাধিক গুলি ঢুকে পড়ে।

একইভাবে বালুখালী গ্রামের সারোয়ার আলমের বাড়িতেও গুলি লাগে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লালু আরও জানান, নিরাপত্তার আশঙ্কায় সীমান্তবর্তী এলাকার অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে গ্রামগুলোর ভেতরের দিকে সরে যেতে বাধ্য হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তে গোলাগুলির ঘটনার বিষয়ে প্রশাসন খোঁজখবর নিচ্ছে।

এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন ৬৪ এর অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

LATEST POSTS

ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত, ১ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, আজ রোববার মাকাসারের কাছে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয়...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর)...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।আজ রোববার বাংলাদেশ সময়...

Most Popular