Homeখেলাধুলাঅর্থবহ পারফরম্যান্সেই হোক জবাব

অর্থবহ পারফরম্যান্সেই হোক জবাব

-

২০২৩ বিশ্বকাপ, মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার কাছে নিশ্চিত হারের পরিস্থিতিতে শতক হাঁকিয়ে বুনো উল্লাস করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ঘিরে এর মাস কয়েক আগে থেকে চলা সমালোচনার জবাব যেন উদযাপনে দিতে চাইছিলেন তিনি। বছর দুয়েক আগে ফিরে যাওয়ার কারণ তাওহিদ হৃদয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টতে নিশ্চিত হারের পথে থাকা অবস্থায় তিনি যখন ফিফটি স্পর্শ করেন, ডাগআউটে থাকা সতীর্থদের দু’হাত উপরে উঁচিয়ে তালি দেওয়ার দৃশ্য চোখে পড়ার মতন। হৃদয়ও রান খরায় ছিলেন বটে, তাকে ঘিরেও সমালোচনার স্রোত গত কয়েকদিনে ধেয়ে আসছিল নানান দিক থেকে। হৃদয় নিজে অবশ্য উদযাপনে ছিলেন সংযত। যদিও ম্যাচ শেষে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সংবাদ সম্মেলনে আসার পর তার শরীরী ভাষা, কথা বলার স্বরে পুষে রাখা অহঙ্কার আড়াল হচ্ছিলো না। এমনকি কোন কোন বাক্যে সমালোচকদের খোঁচা দিতেও দ্বিধা করলেন না। অনেক সময় কথা বলার স্বরে বাক্যের অর্থ নির্ধারিত হয়, এটা কে না বুঝে!

ওয়ানডেতেও হৃদয়ের ক্যারিয়ার সেরা এবং একমাত্র সেঞ্চুরির ইনিংসটা প্রায় একইরকম পরিস্থিতিতে। পার্থক্য কেবল তখন রান তাড়ায় নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট পড়ার পর হৃদয় জাকের আলির সঙ্গে জুটিতে বাংলাদেশকে নিয়ে যান ভদ্রস্থ পুঁজিতে, ১১৮ বলে ১০০ রান করে ২২৮ রানে নিয়ে যান সংগ্রহ। জুতসই উইকেটে এই রানে লড়াই করা কঠিন ছিলো, লড়াই জমেনি। প্রথম সেঞ্চুরিতে হৃদয়ের উদযাপন ছিলো দেখার মতন। হৃদয় অবশ্য দাবি করতে পারেন, বাকিদের ব্যর্থতায় তিনি আর কী করতে পারেন, তার কাজটা তো তিনি করেছেনই। হয়ত পরিসংখ্যানে ভুল নেই কোনো।

তবে দল শক্ত পরিস্থিতিতে না যাওয়া পর্যন্ত ব্যক্তিগত উদযাপন আজকাল মানুষকে কতটা দোলা দেয় এটা প্রশ্ন-সাপেক্ষ। এক সময় বাংলাদেশ দলের সাফল্য আবর্তিত হতো ব্যক্তিগত অর্জনে। দলীয়ভাবে বড় কিছু করতে না পারার ব্যর্থতা ঢাকা পড়ত ইন্ডিভিজ্যুয়াল ব্রিলিয়ান্সের মাঝে। সম্মানজনক হার, লড়াই করে হার এখন আর আবেদন তৈরি করে না। দলের বিবর্ণ পরিস্থিতিতে ব্যক্তিগত অর্জন ক্ষতে দিতে পারে না কোনো প্রলেপ।

বাংলাদেশের ক্রিকেটাররা মাঝেমধ্যে বলেন বটে, ‘দল না জিতলে আমি কত রান করলাম তা কোন কাজে আসে না।’ কিন্তু অন্তরে সেটা তারা কতটা ধারণ করেন? রান তাড়ায় যদি আস্কিং রেট ১৩, ১৪ হয়ে যায় তাহলেও আপনাকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। নিরাপদে থেকে, ঝুঁকি না নিয়ে ৮, ৯ রান রেটে রান বাড়ালে হারের ব্যবধান কমবে, ব্যক্তিগত অর্জনও দেখা দিবে। কিন্তু দলের লাভ কি? ৮০ রানে হার যেমন হার, ৩০ রানে হারলেও সেটা পরাজয়ই।

সংখ্যা যতই সুন্দর দেখাক, ফলাফলকে তা আড়াল করতে পারে না। আর বাংলাদেশের ফল বদলাবে কেবল তখনই, যখন বদলাবে তাদের মানসিকতা।

LATEST POSTS

১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোথায় লড়বেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির...

ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের...

বাতাস থেকে সংগ্রহ করা যাবে পানি, নোবেলজয়ী ইয়াগির উদ্ভাবন

রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি শুষ্ক বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের একটি যন্ত্র উদ্ভাবন করেছেন।ঘূর্ণিঝড় বা খরায় কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে এটি বিকল্প...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আটক নীতি যেভাবে আপত্তিকর হয়ে উঠেছে

প্রথম আলোতে ২০২৫ সালের আগস্টে লিখেছিলাম, ২০২৪ সালের অক্টোবরে—অর্থাৎ ১০ মাস আগে—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ, জ্বালানি...

Most Popular