Homeঅর্থনীতিজুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

-

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু করা বাধ্যতামূলক করা হয়েছে। 

এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও অপারেটরদের (পিএসও) জন্যও এই একই নিয়ম কার্যকর হবে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, নতুন এই নিয়ম মানা সবার জন্য বাধ্যতামূলক।

কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস অ্যাক্ট ২০২৪’-এর ৩৭(৫) ধারা এবং অন্যান্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

দোষী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা এবং দায়ীদের তিন বছরের জেল বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা হতে পারে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মার্চেন্ট পয়েন্টে (দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান) স্পষ্টভাবে ‘বাংলা কিউআর’ প্রদর্শন করতে হবে। ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সমন্বয় ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মার্চেন্ট পয়েন্ট তদারকি করতে হবে। যদি কোনো মার্চেন্ট পেমেন্টের বদলে ‘বাংলা কিউআর’ ব্যবহার করে ক্যাশ-আউট সুবিধা দেয়, তবে তাৎক্ষণিকভাবে তাদের কিউআর সুবিধা বাতিল করতে হবে।

গ্রাহক ও বিক্রেতাদের মাঝে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণার নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, একটি নিরাপদ, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেই ‘বাংলা কিউআর’ আনা হয়েছে। এর ফলে গ্রাহকরা নির্দিষ্ট একটি অ্যাপের ওপর নির্ভর না থেকে যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন।

২০২৩ সালে এই ইন্টারঅপারেবল সিস্টেম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ ক্যাশলেস বা নগদহীন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের ক্ষেত্রে কিউআর পেমেন্ট সুবিধা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

LATEST POSTS

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০...

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ কারা পাচ্ছেন

গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৩ সালের জন্য চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য...

Most Popular