Homeরাজনীতিআনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

-

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। অর্থাৎ প্রার্থীরা ওইদিন থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে শুরু করবেন।

তবে, আনুষ্ঠানিকভাবে না হলেও নির্বাচন ঘিরে নানাভাবে গণসংযোগ করে যাচ্ছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা।

এর মধ্যে তারা নিজেদের নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন মার্কেট ও জনসমাগমস্থলে যাচ্ছেন, মসজিদে মসজিদে নামাজ আদায় করছেন ও নামাজ শেষে কুশল বিনিময় করছেন, উঠান বৈঠক করছেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন।

এ ছাড়াও গণসংযোগের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজে বা তাদের কর্মী-সমর্থকরা ভিডিও প্রচার করছেন।

ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম ১০ জানুয়ারি হাজারীবাগে একটি মতবিনিময় সভায় অংশ নিয়ে চলমান গ্যাস সংকট নিয়ে এলাকাবাসীর সঙ্গে আলাপ করেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে গত ১৪ জানুয়ারি হাতিরপুল এলাকায় ধানমন্ডি হাইস্কুলে আয়োজিত এক সভায়ও তিনি অংশ নেন।

গত ১০ জানুয়ারি মধ্য বাড্ডা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। সম্প্রতি বাড্ডার একটি এতিমখানায় আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যায় তাকে। তার পক্ষ থেকে বাড্ডা থানা বিএনপির কর্মী-সমর্থকদের বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করতেও দেখা গেছে।

এ প্রসঙ্গে বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন যেহেতু নির্বাচনী প্রচার-প্রচারণার নিয়ম নেই, তাই আমরা আচরণবিধি লঙ্ঘন না করে সাংগঠনিকভাবে কিছু প্রোগ্রাম আয়োজন করছি। আমাদের আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম এসব প্রোগ্রামে আসছেন। প্রার্থী নিজেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, ব্যক্তিগত পর্যায়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।’

ঢাকা-১২ আসনে জামায়াত প্রার্থী সাইফুল আলম খান মিলন গত ১৭ জানুয়ারি মগবাজারে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক ছাত্র-যুব সমাবেশে অংশ নেন। সমাবেশে প্রায় ৬ শতাধিক ছাত্র-যুবক-কিশোর উপস্থিত ছিলেন। পশ্চিম রাজাবাজারের জামায়াত নেতা আনোয়ার উল্লাহকে হত্যার ঘটনায় গত ১৪ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিলেও অংশ নেন সাইফুল আলম খান মিলন।

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার গণসংযোগের অংশ হিসেবে ধানমন্ডি, কলাবাগান, গ্রিনরোড এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। এলাকার মসজিদে নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন।

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগ শুরু হয় ফজরের নামাজ দিয়ে। কোনোদিন শাজাহানপুর, কোনোদিন আরামবাগ, মালিবাগ কিংবা মগবাজার এলাকার কোনো মসজিদে ফজরের নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করছেন। যাচ্ছেন এ আসনের বিভিন্ন এলাকার বাজারে, কথা বলছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে।

১০-দলীয় জোটের অংশ হয়ে জামায়াতে ইসলামী আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারের গণভোটের প্রচারণায়ও অংশ নিচ্ছেন নাসীর।

একই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলমও নিজ এলাকায় ঘুরছেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাশাপাশি ফেসবুকেও গণসংযোগমূলক বিভিন্ন প্রচারণা দেখা গেছে।

মেঘনা আলম ডেইলি স্টারকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আমি আপাতত প্রস্তুতির কাজ করছি। আগামী ২২ জানুয়ারি থেকে নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা চালাব, এর আগে না।’

‘এখনো যেহেতু মাঠে যাওয়ার সময় হয়নি, তাই বের হচ্ছি না। তবে নিজেদের মধ্যে মতবিনিময় করছি, মাঠের কার্যক্রমের কৌশল ও পরিকল্পনা তৈরি করছি,’ বলেন তিনি।

মেঘনা আরও বলেন, ‘আমি এই এলাকাতেই বড় হয়েছি। এ কারণে ক্যাম্পেইনের আগে নিজেকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ হয়নি।’

অন্যদিকে ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায় যাচ্ছেন এনসিপি থেকে পদত্যাগ করা স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এলাকাগুলোতে গিয়ে তিনি নিজের পরিচয় দিয়ে কুশল বিনিময় করছেন।

এর বাইরে অনেকেই টেলিভিশন টকশো এবং অন্যান্য প্রোগ্রামে অংশ নিয়ে নিজের ও দলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন। পাশাপাশি দলগুলোর নিজস্ব কর্মী-সমর্থকদের সঙ্গে সমন্বয়সভা করে প্রচারণার পরিকল্পনা করছেন।

গণসংহতি আন্দোলনের ঢাকা-১২ আসনের প্রার্থী তাসলিমা আখতার জানান, তিনি এখন তার নির্বাচনী এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে গণভোট নিয়ে মতবিনিময় করছেন। পাশাপাশি ভোটারদের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী দলের ইশতেহার প্রস্তুতির কাজ করছেন।

এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন গণসংযোগ করছি, মানে প্রার্থী হিসেবে এলাকায় পরিচিতি তৈরি করার চেষ্টা করছি, কুশল বিনিময় করছি। আর মানুষকে ভারতীয় আধিপত্যবাদ বোঝানোর চেষ্টা করছি, দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করছি।’

‘এছাড়া এখন গণভোটের “হ্যাঁ”-এর পক্ষে প্রচারণা চালাচ্ছি। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করব। তখন বিভিন্ন জায়গায় আমরা প্রচারণা কমিটি গঠন করব,’ বলেন তিনি।

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মো. আব্দুস সাত্তার সুমন বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ঢাকার প্রার্থীরা কর্মব্যস্ত সময় পার করছেন। তারা নিজ নির্বাচনী এলাকায় বাসায় বাসায় যাচ্ছেন, বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নির্বাচনের প্রস্তুতির জন্য যেসব কাজ করা দরকার সেগুলো করছেন।’

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। লিফলেট আর ব্যানারে থাকতে পারবে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি।

বিধিমালা মানতে বেশ কঠোর ইসি। এর মধ্যে বিধিভঙ্গের অভিযোগে প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার শোকজ করা হয় এনসিপি আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে।

তবে এক বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী তাদের প্রতীক ‘শাপলা কলি’র প্রচারণা করেননি, বরং তারা গণভোটের প্রচারণা চালিয়েছেন, যার মাধ্যমে বিধিমালা লঙ্ঘিত হয়নি।

এ প্রসঙ্গে ঢাকা-১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, ‘এটা গণভোটের প্রচারণা ছিল। অর্থাৎ আমরা “হ্যাঁ” ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি।’

তিনি বলেন, ‘এখন যেহেতু নাহিদ ইসলাম ১০ দলের জোট থেকে নির্বাচন করছেন, তাই আমরা এখন অন্যান্য দলের সঙ্গে সমন্বয় নিয়ে কাজ করছি। জামায়াতে ইসলামের ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদের সঙ্গে আমরা সমন্বয় সভা করছি। এখন আমাদের জোটের একটা কমিটি হবে। প্রচারণা কীভাবে এগিয়ে যাবে নতুন কমিটি সেটা ঠিক করবে।’

এর বাইরে গণসংযোগ করার সময়েও কিছু কিছু দল বা প্রার্থীকে কিছুক্ষেত্রে ভোট চাইতেও দেখা গেছে, যা আচরণবিধি লঙ্ঘন।

LATEST POSTS

খামেনির দুর্বল নেতৃত্বে নিকৃষ্টতম দেশে পরিণত ইরান: ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসার পর সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেছেন, খামেনির...

‘হার্দিক ভাই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন’, সিরিজ জিতে বলছেন তিলক

উড়ন্ত শুরু করে দিয়েছিলেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। এরপর সেই ছন্দে উড়তে থাকেন তিলক বর্মা। তবে তাদের সবাইকে বিস্ফোরক ইনিংসে পরে ছাপিয়ে যান হার্দিক...

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসি, উপজেলা নির্বাচন অফিসগুলোকে সতর্ক থাকার নির্দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।গতকাল শুক্রবারের এ গুলির...

এআই নিয়ে বিশ্ব এখন দুই দলে বিভক্ত, গতি কমানোর আহ্বানেও থামছে না দৌড়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক ক্রমেই দুই বিপরীত দলে ভাগ হয়ে পড়ছে। এক পক্ষ মনে করছে, প্রযুক্তিটির দ্রুত অগ্রগতি মানবসভ্যতার জন্য অভূতপূর্ব সম্ভাবনা...

Most Popular