Homeআন্তর্জাতিকশীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, মৃত্যু ২৩

শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, মৃত্যু ২৩

-

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লাখো নাগরিক। প্রবল ঝড়ের কবলে পড়ে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাও প্রায় বন্ধের উপক্রম হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

মেরু অঞ্চল থেকে ধেয়ে আসা শুষ্ক ও শীতল বাতাসে হাড় কাঁপানো ঠাণ্ডা পড়েছে যুক্তরাষ্ট্রে। একই সঙ্গে প্রবল বরফপাত, জোরালো বাতাস, বরফ-শীতল বৃষ্টিধারা ও শিলাবৃষ্টিতে বিপাকে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশের মানুষ।

আবহাওয়াবিদরা হুশিয়ারি দিয়ে বলেন, দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হিমাংকের নিচেই থাকবে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, ‘আজ রাতে সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হতে পারে। সাপ্তাহিক ছুটির দিনে শীতকালীন ঝড়ের কারণে অনেক এলাকা এখনো বিদ্যুৎবিহীন। সব মিলিয়ে পরিস্থিতি বেশ বিপজ্জনক।’

যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় আকাশ পরিষ্কার হয়ে এলেও উত্তর-পশ্চিমের এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন ভাবে তুষারপাত অব্যাহত আছে। কানেকটিকাটে এক দিনেই ২২ ইঞ্চি (৫৬ সেন্টিমিটার) বরফ পড়েছে। বোস্টন, ম্যাসাচুসেটস-এ ১৬ ইঞ্চিরও (৪০ দশমিক ছয় সেন্টিমিটার) বেশি বরফ পড়ে।

ঝড়ের কবলে ২৩ জন প্রাণ হারিয়েছেন। বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় সরকার ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে এএফপি প্রাণহানির সংখ্যা চিহ্নিত করেছে।

মৃত্যুর কারণ হিসেবে হাইপোথারমিয়া ও পরিবহন দুর্ঘটনা অন্যতম।  

শাবল হাতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিউইয়র্ক সিটিতে নিম্নগামী তাপমাত্রার মধ্যে আট ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন বলে জানিয়েছে পাওয়ার আউটেজ ডট কম। 

যুক্তরাষ্ট্রের দক্ষিণের টেনেসি, টেক্সাস, মিসিসিপি ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দারা এই বৈরি আবহাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় ১৯ কোটি মানুষ কোনো না কোনো ভাবে প্রবল ঠাণ্ডা আবহাওয়ার কবলে পড়েছে। 

মিনেসোটা ও উইসকনসিন অঙ্গরাজ্যের কয়েকটি অংশে সকালে মাইনাস ৩০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা দেয়।

শনি ও রোববারে যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্যে এক ফুটের বেশি বরফ পড়েছে। কোনো কোনো জায়গায় আরও বেশি।

জাতীয় আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, নিউ মেক্সিকোর বোনিতো হৃদে সর্বোচ্চ ৭৮ দশমিক সাত সেন্টিমিটার বরফ পড়েছে।

রাজধানী ওয়াশিংটনসহ অন্তত ২০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিরবচ্ছিন্ন তুষারপাতে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। একের পর এক বাস, ট্রেন ও উড়োজাহাজের পূর্বনির্ধারিত যাত্রা বাতিল হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ‘পোলার ভরটেক্স’ সৃষ্টি হয়ে থাকতে পারে। যার ফলে এ ধরনের চরমভাবাপন্ন আবহাওয়া দেখা দিয়েছে।

তবে বিষয়টি নিয়ে এখনো বিতর্ক চলছে।

LATEST POSTS

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

দেশের বাজারে দাম সহনীয় রাখতে প্রায় নয় মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চারটি...

ঈদুল আযহার জন্য নতুন দ্বৈত গানে ন্যান্‌সি

‘এতো ভালোবাসো কীভাবে’ শিরোনামে নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি এবং কলকাতার আকাশ সেন। স্নেহাশীষ ঘোষের কথা ও...

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আশা করছেন, এই আলোচনা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।...

একটি দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে।  তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল...

Most Popular