Homeরাজনীতিজনসমক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা জানালেন টুঙ্গিপাড়ার বিএনপি প্রার্থী

জনসমক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা জানালেন টুঙ্গিপাড়ার বিএনপি প্রার্থী

-

জনসমক্ষে নিজের নিরাপত্তা ঝুঁকির কথা বলে পাঞ্জাবির বোতাম খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়েছেন গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত এই নির্বাচনী এলাকায় তার এমন বক্তব্য আলোচনা-সমালোচনা তৈরি করেছে।

গতকাল বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। 

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এস এম জিলানী বলেন, ‘আমাদের জীবনের হুমকি আছে এটা সত্য। দেখেন, আমি বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছি। জানি না কখন কী ঘটে। তারপরও জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে ঝুঁকি নিয়েই রাজনীতি করছি। কখনো এলাকা ছেড়ে যাইনি।’

২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। আমি কত ভোট পেতাম, জিততাম কি না, সেই সুযোগটাই দেওয়া হয়নি। কারাগারে গিয়ে আমার স্ত্রী আমার মনোনয়নপত্রে সই করে জমা দিয়েছিল। কিন্তু তৎকালীন প্রশাসন আমার মনোনয়ন বাতিল করে দেয়।’

জিলানীর নিরাপত্তা ঝুঁকির কথা জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার দাড়িয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপালগঞ্জ–৩ আসন একটি স্পর্শকাতর এলাকা। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এর আগে এলাকায় এলে তার গাড়িবহরে হামলা হয়েছে এবং একজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘কোটালীপাড়া থানার ভেতরে ও ইউএনও অফিস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব কারণে একটি শঙ্কা থেকে যায়।’

এই বিএনপি নেতা আরও বলেন, ‘এমন বাস্তবতায় নিজের ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই এস এম জিলানী বিষয়টি তুলে ধরেছেন। এতে নেতাকর্মীদের মধ্যে আরও দৃঢ়তা তৈরি হয়েছে। যেকোনো পরিস্থিতিতেই মাঠে থাকতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

LATEST POSTS

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ানোর দাবি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চরম সহিংসতায় রূপ নিয়েছে। ১৬ দিন ধরে চলমান এই বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে একটি অধিকার সংস্থা।গতকাল রোববার এই...

জন সিনার বিদায়ী ম্যাচ: যেভাবে হয়ে ওঠেন ডব্লিউডব্লিউইয়ের প্রিয় তারকা

ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা তার শেষ ইন-রিং ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ম্যাচটি 'স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট'-এ স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।আজ মঙ্গলবার দুপুরে...

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে দিতে হবে: শ্রমমন্ত্রী

দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মের মধ্যে এবং মাসিক বেতন নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...

Most Popular