Homeরাজনীতিহাদি হত্যা: শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

হাদি হত্যা: শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের দাবিতে ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। সংগঠনটি আজ থেকে বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে।

কর্মসূচি অনুযায়ী শাহবাগে আজ দুপুর ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন।

হাদি হত্যার বিচারের দাবিতে গত শুক্রবার থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। তীব্র শীত উপেক্ষা করে সারা রাত তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে গতকাল শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়ার পর তারা এলাকা ছাড়েন।

এদিকে গতকাল শনিবার রাত ১১টার দিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা তদন্তের অগ্রগতির বিষয়ে ব্রিফ করেন। দ্রুত অভিযোগপত্র দাখিল ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা এর পেছনে কলকাঠি নেড়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে।

তবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য নাঈম ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রশাসনের বক্তব্য “আইওয়াশ” ছাড়া কিছু নয়। তারা সময়ক্ষেপণের চেষ্টা করছে। যেদিন গুলি হয়েছে, সেদিনই জড়িতদের ধরা যেত। কে কাকে চাপ দিচ্ছে, সরকারকে তা জনগণের সামনে প্রকাশ করতে হবে। তারা বলছে কয়েকজনকে ধরা হয়েছে, কিন্তু প্রকৃত খুনিকে অবশ্যই ধরতে হবে।’

মিরপুর থেকে আসা পুরকৌশলী মো. আলামিন বলেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে হাদির খুনিদের গ্রেপ্তার করা হোক। উপদেষ্টার কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না।

বাংলামোটরের একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে কর্মরত মো. মীর হাসান রিফাত বলেন, ‘কাল রাতে বাসায় গিয়েছিলাম, আজ আবার এসেছি। হাদি ভাই কখনো প্রটোকল ব্যবহার করতেন না, কারণ তিনি জানতেন মানুষ তাকে ভালোবাসে। বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে।’

গতকাল রাতে বিক্ষোভকারীদের ব্রিফ করার সময় ডিএমপি কমিশনার জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে সরকার পুলিশ, বিজিবি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোকে মাঠে নামিয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করেছে পুলিশ।

LATEST POSTS

ল্যাটিন-বাংলা সুপার কাপে চরম বিশৃঙ্খলা: জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ আপাতত স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ল্যাটিন-বাংলা সুপার কাপ আয়োজনে চূড়ান্ত অব্যবস্থাপনা, সাংবাদিকদের ওপর হামলা...

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

Most Popular