Homeঅর্থনীতিতিন বছরে দ্বিগুণ হয়েছে বিদেশি ঋণ

তিন বছরে দ্বিগুণ হয়েছে বিদেশি ঋণ

-

কোভিড–পরবর্তী সময়ে বাজেটের জন্য অর্থ সংস্থান এবং টাকার ব্যাপক অবমূল্যায়নের কারণে মাত্র তিন বছরের ব্যবধানে বাংলাদেশের বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে দেশের মোট বিদেশি ঋণ ৯২ শতাংশ বেড়ে ৯ লাখ ৫১ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২২ সালের জুন মাসে এই ঋণের পরিমাণ ছিল এর প্রায় অর্ধেক।

রাজস্ব আদায়ে দুর্বলতা এবং বাজেট ঘাটতি বাড়ায় সরকার প্রকল্প ঋণের চেয়ে বাজেট সহায়তা ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, কারণ এই ঋণ দ্রুত পাওয়া যায়। ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ ৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পেয়েছে, যার মধ্যে শুধু গত অর্থবছরেই এসেছে ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরে বাজেট সহায়তা ঋণ আগের বছরের তুলনায় ৬৯ শতাংশ বেড়েছে, যেখানে প্রকল্প ঋণ কমেছে ২৯ শতাংশেরও বেশি। বাজেট সহায়তা ঋণ অনুমোদনের সঙ্গে সঙ্গেই ছাড় করা হয় এবং এটি সরাসরি বাজেট ঘাটতি মেটাতে ব্যবহার করা যায়, যা প্রকল্প ঋণের ক্ষেত্রে সম্ভব নয়।

ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াও ঋণের বোঝা বাড়িয়েছে। কয়েক বছর আগে প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা, যা এখন বেড়ে ১২২ টাকার আশপাশে দাঁড়িয়েছে। কোভিড–পরবর্তী সময়ে আমদানি বৃদ্ধি এবং বিশ্ববাজারে পণ্যের দাম বাড়া এর অন্যতম কারণ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সরকারের মোট ঋণ ১ শতাংশ বেড়ে ২১ লাখ ৪৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে জিডিপির তুলনায় ঋণের অনুপাত প্রায় ২ শতাংশ বেড়ে ৩৮ দশমিক ৬১ শতাংশে পৌঁছেছে। মোট ঋণের মধ্যে ১১ লাখ ৯৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হয়েছে, বাকিটা বিদেশি ঋণ।

ঋণের বোঝা বাড়ার কারণে সরকারের সুদ পরিশোধের চাপও বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সুদ বাবদ সরকারের ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ৩১ হাজার ৬২৯ কোটি টাকা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ ১৯ শতাংশ বাড়লেও বিদেশি ঋণের সুদ পরিশোধ বেড়েছে ৮০ শতাংশ। অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে ট্রেজারি সিকিউরিটিজ খাতে ব্যয় ২১ শতাংশ এবং জাতীয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১৬ শতাংশ বেড়েছে।

LATEST POSTS

এলপিজিতে কর কাঠামো পুনর্গঠন, আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭...

আটকে যেতে পারে থালাপতি বিজয়ের সিনেমার মুক্তি, কেন?

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা 'জন নায়াগান' চলতি বছরের পঙ্গল উৎসব উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। এক সপ্তাহ আগেই সিনেমাটির...

সীমান্ত সংঘাত থামাতে আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া

প্রাণঘাতী সীমান্ত সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় পুনরায় যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও...

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার গোয়েন্দা তথ্য আমলে নেয়নি কেন সরকার, প্রশ্ন সালাহউদ্দিনের

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের আগে গোয়েন্দা তথ্য সরকার কেন আমলে নেয়নি—এম প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Most Popular